মিহির সেন গুপ্ত
যে বিষয়টি নিয়ে আপনারা আমাকে বক্তৃতা করতে অনুজ্ঞা করেছেন, তার মান আমি কতোদূর
রক্ষা করতে পারবো জানি না। বক্তৃতা করা আমার ধাতে নেই। ১৯৪৭-এর দেশভাগ এবং আমার
জন্ম প্রায় একইসঙ্গে। দুটো ঘটনাই এখন ইতিহাস। শুধু তার বহতাটা এখনও বাস্তব। আমার
বহতাটা এক সময় শেষ হবে, কিন্তু দেশভাগের বহতার যে চোরাস্রোত আমাদের দুই পারের
বাঙালির জীবনকে দীর্ঘকালব্যাপী বিষণ্ন করে রেখেছে তা কোনোদিন শেষ হবে কিনা জানি
না।
আমি সমাজেতিহাসের ছাত্র বা চর্চাকারী নই। ঐ বিষয়ের যেটুকু আমার সামান্য লেখালেখিতে
এসেছে, তার প্রায় সবটাই স্মৃতি-আলেখ্যকে আশ্রয় করে। বর্তমান কথনেও আমি সেই পন্থাই
অবলম্বন করবো। জানিনা, তা আপনাদের আদৌ তৃপ্ত করবে কিনা।